সোঁতা
কলেজ জীবনে পা দিয়েই চার বান্ধবীর স্বপ্ন পুরণ করতে জন্ম নিল সোঁতা পত্রিকা। চেহারায় সামান্য, একটি রোগা ফোল্ডার। তাই নিয়েই ছড়িয়ে পড়া শুরু হল কলেজপ্রাংগন থেকে কলকাতা বইমেলায়। সেটা ১৯৮৯ সাল। আমরা সদ্য লেখালিখি শুরু করেছি। জুটেও যেতে লাগলো সম ভাবনার কিছু পাগল ছেলেমেয়ে। সবাই মিলে তখন আমরা কবিতা গল্প নাটক সিনেমা রাজনীতি সমাজ... এই সব কিছু নিয়ে অত্যন্ত উত্তেজিত। প্রথাগত পড়াশোনার বাইরেও পড়ছি অনেক বই, নানান জঁরের। ফলে বৃহত্তর সমাজ সংস্কৃতি সাহিত্য রাজনীতির প্রেক্ষাপটে আমরা কীভাবে সৃজনশীল থাকতে পারি তারই খোঁজ চলছিল। দেখতে দেখতে কেটে গেল কলেজ জীবন। চাকরি সংসার, এমনকী পুরনো বন্ধুদের কারো কারো সংগে বিচ্ছেদও ঘটে গেল। তবু পত্রিকাটি রয়ে গেল এক অবিশ্বাস্য তাড়নায়। আজ পঁয়ত্রিশ বছর পার করে পিছনে তাকালে দেখা যায়, আনেক কবি, অনেক গল্পকার এখানে প্রথম জীবনে লিখে আজ প্রতিষ্ঠিত। আজ আয়তনেও বড়ো হয়েছে সোঁতা। বছরে দুটি সংখ্যা। এবার তাকে আরও বড়ো জায়গা দিতে আমরা তৈরি করেছি এই পোর্টাল। ইতিমধ্যে সোঁতার নামে একটি প্রকাশনাও গড়ে উঠেছে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সারা বছর। অনেক নতুন নতুন লেখক যুক্ত হয়েছেন এর সংগে। সাহিত্য সমাজ সংস্কৃতি... এই বিষয়ে ক্রমাগত লেখা প্রকাশের কাজ চলছে। আশা করা যায়, যে ছোট্টো স্রোত একদিন স্বপ্ন নিয়ে বয়ে চলা শুরু করেছিল, তাতে আরও অনেক মুল্যবান মাত্রা যোগ করবে নতুনতর স্রোত।
- সাহিত্য সমাজ সংস্কৃতি
- সোঁতা প্রকাশনা
- সোঁতা পত্রিকা